পণের বলি হলেন এক গৃহবধু। তাকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল ২ নং ব্লকের চন্দ্রপাড়া গ্রামপঞ্চায়েতের বাঘাপাড়া এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে চাঁচোল থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ মাস আগে, চাঁচল ২ নং ব্লকের চন্দ্রপাড়া অঞ্চলের মহঃ আবদুল্লার কন্যা নার্গিস পারভিনের সঙ্গে ঐ গ্রামেরই যুবক আরসাদ আলির বিয়ে হয়। পারিবারিক সূত্রে জানা যায়, বিয়ের সময় আরসাদকে ৭০ হাজার টাকা পণও দেওয়া হয়েছিল। কিন্তু পাত্রপক্ষ আরো টাকার দাবী করতে থাকে। এ নিয়ে প্রায়ই নার্গিসকে মারধর করৎ শ্বশুরবাড়ির লোকজন বলে অভিযোগ। আরও অভিযোগ, গত তিন মাস আগে নার্গিস বাড়িতেই এক পূত্র সন্তানের জন্ম দিলে তার মৃত্যু হয়। এরপর থেকে শ্বশুরবাড়ির লোকেদের অত্যাচার আরও বেড়ে যায় বলে অভিযোগ। এরপর ওই গৃহবধূ বাবার বাড়ি চলে গেলে, সম্প্রতি তাকে নিজের বাড়ীতে নিয়ে আসে স্বামী আরসাদ আলি। এরপর শুক্রবার সকালে ঘরের মধ্যে ওই গৃহবধুর মৃতদেহ উদ্ধার হয়। মৃতার গলায় দাগ থাকায় তাকে শ্বাসরোধ করে খুন করা হয়ে থাকে পারে বলে প্রাথমিক অনুমান পুলিশের। ঘটনার পর থেকে স্বামী ও তার শ্বশুর বাড়ির লোকেরা পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ।